Published : 15 Sep 2026, 07:06 PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অংশে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল হয়েছে। মঙ্গলবার ভোরে শ্রীনগরের ছনবাড়ি এলাকায় এই মিছিল হয়।
মিছিলের পর সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে একটি মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়।
এ ছাড়া সদর উপজেলায় দুপুরে আরও ২১ জনকে আটক করা হয়েছে। সেখানেও দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোট ৩১ জনকে আটক করা হয়েছে এবং তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে ১০ জনকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, সদর উপজেলার সিপাহিপাড়া এলাকা থেকে দুটি মাইক্রোবাসসহ ১১ জন এবং নয়াগাঁও এলাকা থেকে ১০ জনসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে।
আটক সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।