২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অটোরিশরা আটকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

“পিংকিকে বাঁচাতে গেলে তার শ্বশুরকেও ছুরিকাঘাত করা হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 09:27 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরও গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান।

নিহত শাহনাজ আক্তার পিংকি (৩৫) হাজিপুরের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পিংকির দেবর সাইফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে রয়েছে বলে ওসি জানান।

নিহতের স্বজনরা বলছেন, দুই ছেলের মা পিংকির বছর খানেক আগে একটি মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। সেটি মেরামতের জন্য তিনি সাইফুলের সঙ্গে তার বড় ছেলেকে পাঠান। মোবাইল মেরামতের পর সেখান থেকে ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইল ফোনে নিয়ে নেন সাইফুল। পরে ওইসব ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে পিংকির কাছ থেকে সাত লাখ টাকা আদায় করেন সাইফুল। পরে তার সঙ্গে সম্পর্ক তৈরিরও চেষ্টা করেন সাইফুল। 

ওসি বলেন, “মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে শ্বশুরের সঙ্গে বাজারে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথে সাইফুল অটোরিকশার গতিরোধ করে পিংকিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“এ সময় পিংকিকে বাঁচাতে গেলে তার শ্বশুরকেও ছুরিকাঘাত করা হয়। তিনি বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।”

ওই গৃহবধূর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তার শ্বশুরের শরীরেও একাধিক আগাতের চিহ্ন দেখা গেছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।