Published : 18 Jun 2026, 11:03 PM
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশিদ মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন জানান।
হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
পাশাপাশি তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।