ভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন সুবর্ণচরে
“দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নদী ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সোমবার উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর ঘাটে এ কর্মসূচিতে কয়েক হাজার ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ, চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম অপু, মো. হোসাইন আহম্মদ গালিব, মো. হাসান, মোহাম্মদ ইসমাইল, মো. শাহজাহান ও মো. আব্দুর রহমান বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সঙ্গে কথা বলে জানা গেছে, চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর থেকে মোহাম্মদপুর ইউনিয়নের মনতাজখালী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন থেকে রক্ষায় দ্রুত নদীতে জিওব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী ব্লকবাঁধের দাবি তাদের।
চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ বলেন, “মেঘনার ভাঙনে চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি, বাড়িঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে।
“নদী ভাঙনে সব হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) মো. হালিম সালেহী বলেন,
“চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর থেকে মোহাম্মদপুর ইউনিয়নের মনতাজখালী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় ব্যাপক নদী ভাঙন চলছে। এ অবস্থায় একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে-ভাঙন রোধে কাজ করা যাবে।”
