২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে ঘাটে ভিড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘ময়ূর-২’ লঞ্চটি ‘ঈগল-৭’-এ ধাক্কা দেয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

চাঁদপুর লঞ্চঘাটে ঝড় ও দমকা হাওয়ার মধ্যে ভিড়তে গিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে ঘাটে হাজারো যাত্রী আটকা পড়েন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, ‘ঈগল-৭’ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘ময়ূর-২’ লঞ্চটি এসে ‘ঈগল-৭’-এ ধাক্কা দেয়। এতে ‘ঈগল-৭’ লঞ্চটি একদিকে হেলে পড়ে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

প্রাণ বাঁচাতে অনেক যাত্রী ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত লঞ্চ থেকে নামতে শুরু করেন। নামার সময় হুড়োহুড়িতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর কর্মকর্তা বলেন, ঝড় ও দমকা বাতাসের কারণে লঞ্চ চলাচল নিয়ন্ত্রণে সমস্যা হয়। ঢাকা থেকে আসা একাধিক লঞ্চও নিরাপদে ভিড়তে সমস্যায় পড়ে।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও আতঙ্কিত যাত্রীদের সহায়তা করেন।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের ফেলে যাওয়া মালামাল ফেরত দেওয়া হয় বলে জানান বন্দর কর্মকর্তা।