২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত: কারা হেফাজতে আসামির মৃত্যু

মারা যাওয়া আসামির ছেলে বলেন, তার বাবা দুই মামলায়ই উচ্চ আদালত থেকে জামিন পান। তবে কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় তার মুক্তি মেলেনি।

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত: কারা হেফাজতে আসামির মৃত্যু
আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 09:05 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি কারা হেফাজতে মারা গেছেন। 

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার ফোরকান ওয়াহিদ।

মারা যাওয়া আব্দুল আউয়াল (৬২) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার বাসিন্দা। ওই এলাকায় তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। স্থানীয় হাউজিং প্লট মালিক সমিতির পরিচালকও ছিলেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যাকাণ্ডের অভিযোগে মামলা ছিল। দুই মামলাতেই তিনি এজাহারনামীয় আসামি থাকার বিষয়টি নথি থেকে জানা যায়।

গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর থেকে আউয়াল কারাগারে বন্দি ছিলেন বলে জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ। 

জেল সুপার বলেন, “তার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

সোমবার রাত সাড়ে ১টার দিকে তিনি হাঁপানিজনিত সমস্যায় ভুগছে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর সংবাদ পাই।”

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোমোবাইল মিস্ত্রি মোস্তফা কামাল রাজু (৩৬)। 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী আকলিমা আক্তার। ওই মামলায় গত ২ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আব্দুল আউয়াল। এ ছাড়া অন্য এক হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।

তার ছেলে মো. কামরুজ্জামান বলেন, এক মামলায় গত বৃহস্পতিবার এবং অন্য মামলায় রোববার হাই কোর্ট থেকে তার বাবার জামিন হয়। রোববার তিনি বাবার সঙ্গে দেখা করে জামিনের বিষয়টিও তাকে জানান।

তার বাবার হৃদরোগ ছিল জানিয়ে কামরুজ্জামান বলেন, “আমার বৃদ্ধ বাবা হার্টের রোগী। তিনি এর আগে চারবার হার্ট-অ্যাটাক করেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। স্থানীয় কয়েকজন শত্রুতাবশত মামলাগুলোতে বাবাকে আসামি করা হয়।”

তিনি বলেন, “হাই কোর্ট দুই মামলায়ই জামিন মঞ্জুর করেছিল। তবে কাগজ না আসায় তার মুক্তি মেলেনি। একজন নির্দোষ মানুষকে বন্দি করে এমনভাবে মারা হল।”