ধূমপান নিয়ে মধ্যরাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৫০
চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় ধূমপানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে লোকজন। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার লোকদের মধ্যে মঙ্গলবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে ঈদের দিন বিকালে ধূমপান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই ওয়ার্ডের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তামিম ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
