২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আসামি আড়াই হাজার

গ্রেপ্তার তিনজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 03:58 PM

Updated : 02 Sep 2022, 03:58 PM

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, বৃহস্পতিবার রাতে থানার এসআই মো. আবদুল লিটন বাদি হয়ে মামলাটি করেন।

ওসি বলেন, মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের বিএনপির অজ্ঞাত পরিচয় নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকসহ তিন আসামিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার বাকি দুজন হলেন-সেলিম মোহাম্মদ ও রুবেল মাহমুদ। তাদের পদ-পদবী জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ উপলক্ষে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে শহরের খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে ‘রাষ্ট্রবিরোধী স্লোগান’ দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে রাস্তা বন্ধ না করতে অনুরোধ করা হলেও তারা শুনেন নাই।

তারা রাস্তার ওপরই অবস্থান নেয় এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। পরে সড়কের ওপর থেকে সরিয়ে দিতে পুলিশ ‘মৃদু লাঠিপেটা’ করে। এরপর বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে সদর থানার ওসি আবদুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।

পুরনো খবর:

মানিকগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মামলার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম খান সজিব বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। উল্টো ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করা করেছে। বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অথচ এখন উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে।”