২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবকিছুর দাম বেড়েছে, কমেছে আওয়ামী লীগের দাম: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আন্দোলন করছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

সবকিছুর দাম বেড়েছে, কমেছে আওয়ামী লীগের দাম: গয়েশ্বর

কিশোরগঞ্জে মেডিকেল ক্যাম্পে ওষুধ বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 08:57 PM

Updated : 18 Aug 2022, 11:44 PM

দেশে দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের অভিযোগ তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারদলীয় লোকদের দুর্নীতির কারণে দেশ থেকে ইতোমধ্যে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করে আওয়ামী লীগের নেতারা এ টাকা পাচার করেছে।”

সদর উপজেলার দানাপাটুলী মাঠের বাজার এলাকায় বন্যা দুর্গতের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ’ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথি বক্তব্য দেন।

গয়েশ্বর রায় বলেন, “জনগণকে বাঁচাতে ও তাদের অধিকার ফিরিয়ে দিতে ভোট ডাকাতির মাধ্যমে নিশিরাতের এমপিদের নিয়ে গঠিত অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। সেই সঙ্গে অবৈধ সরকারের গঠিত নির্বাচন বাতিল করতে হবে।

“বিএনপির আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বিএনপির আন্দোলন করছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।”

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

পরে গয়েশ্বর চন্দ্র রায় বন্যা দুর্গত মানুষের চিকিৎসার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।