২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

“ডাক্তার পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষানবিশ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ সময় জান্নাতুল ইসলাম নাবিল, মাহমুদা হোসেন, রহনুমা রাজিয়া শৈলী ও তামান্না রহমান ঐশীসহ মেডিকেল শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বিক্ষোভকালে আন্দোলনরত চিকিৎসক জান্নাতুল ইসলাম নাবিল বলেন, “ডাক্তার পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না।

এ ব্যাপারে কোনো ছাড় নয়।”

বিক্ষোভকারীদের আরেকজন তামান্না রহমান ঐশী বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। পাঁচ দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে।

“দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে; তেমনি অন্যদিকে রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে।”