Published : 07 Dec 2025, 09:57 AM
যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে শনিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান।
নিহত ২২ বছর বয়সী তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।
পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান বলেন, “আনছার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
“সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ সময় তার পকেট তল্লাশি করে একটি ছোট কাচের বোতলে ৬১টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”
ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুদি দোকানি মনিরুল ইসলাম রিপন বলেন, “তানভীর আনসার ক্যাম্পের পেছনের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। পরে কয়েকজন নারী তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।”
পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান বলেন, “শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করে।
“এ সময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটক ওই দুই যুবক পুলিশকে জানায়, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “তানভীর পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”