১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে বক্ষব্যাধি হাসপাতালের জায়গা উদ্ধার

অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে আদালতে মামলা করেছিলেন সিভিল সার্জন।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে বক্ষব্যাধি হাসপাতালের জায়গা উদ্ধার
সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার মেড্ডায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার অভিযান পরিচালনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল করে রাখা বক্ষব্যাধি হাসপাতালের ৫৮ শতক জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার মেড্ডায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা বিভিন্ন বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় লোকজন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, সরকারি এই হাসপাতালের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন হাসপাতালটির ৫৮ শতাংশ জায়গা দখল করে পাকা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেন। 

চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা হাকিম আদালতে মামলা করেন। হাকিম মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। 

আদালতের আদেশে শুক্রবার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মেড্ডা এলাকায় অভিযান চালান।

সিভিল সার্জন নোমান মিয়া বলেন, “দীর্ঘ প্রায় ৬০-৭০ বছর ধরে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখলে রাখেন। এ বিষয়ে মামলা করা হলে জায়গাটি উদ্ধারে প্রশাসন উদ্যোগ নেয়।”