রংপুরে নকল বিড়ি-ব্যান্ডরোল তৈরি, দম্পতির ১৪ বছরের জেল
২০২১ সালের ২ জানুয়ারি নকল বিড়ি ও ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
রংপুরের কাউনিয়া উপজেলায় নকল বিড়ি ও ব্যান্ডরোল তৈরির মামলায় স্বামী ও স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার প্রয়াত মাহমুদুর রহমানের ছেলে বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩)।
রংপুর মহানগর দায়রা জজ আদালতের পরিদর্শক শাহীনুর আলম বলেন, ২০২১ সালের ২ জানুয়ারি নকল বিড়ি ও ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় রওজা বেগম ও বুলবুল ইসলামের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা করা হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন পিপি বেলাল।
