Published : 02 Sep 2026, 06:25 PM
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া খালাস পেয়েছেন তিন আসামি।
বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ মশিউর রহমান খান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। তারা পলাতক রয়েছে। খালাস পেয়েছেন জহিরন আক্তার জুঁই ওরফে গেদি।
রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন সাংবাদিক উৎস রহমানের স্বজনরা।
বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের স্থানীয় দৈনিক পত্রিকা যুগের আলো কার্যালয়ে যান উৎস রহমান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে নগরের ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় উৎস রহমানের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
তিনি বলেন, ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ে অসস্তোষ প্রকাশ করে বাদী নুর জাহান বেগম বলেন, “আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, “মামলার প্রধান অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছেন। অথচ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।
“এ রায়ে আমরা আইনজীবীসহ নিহতের পরিবার সংক্ষুব্ধ। এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এভাবে হত্যার পর মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।”
রায় নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া
রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা সভাপতি আদর রহমান বলেন, সবাই জানে এই হত্যাকাণ্ডের নেপথ্যে অর্থের জোগানদাতা কে এবং কার নির্দেশে সংঘটিত হয়েছে। কিন্তু প্রমাণের অভাবে সেই মূলহোতাকে মামলা থেকে খালাস দিয়েছে আদালত।
“আমরা মনে করি এই রায় বাদী তার সন্তান হারানোর ঘটনা যে মাস্টারমাইন্ড তার ব্যাপারে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে”, বলেন তিনি।
এই রায় সন্তোষজনক নয় জানিয়ে যুগান্তরের রংপুর ব্যুরো ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু বলেন, “দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন, মূলহোতাও বেকসুর খালাস পেল, সব মিলিয়ে বিস্ময়কর। উচ্চ আদালতে গেলে উৎস রহমান হত্যার মাস্টারমাইন্ড খালাস পাবে না বলে আমরা মনে করি।”