Published : 13 Jul 2026, 02:58 PM
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক ব্যক্তি ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, সোমবার সকালে সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, লোকমান ও দেলোয়ারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা ঘরে এসে খাটের ওপর স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত। নেশার জন্য সে প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতো।
টাকা দিতে রাজি না হওয়ায় ছেলে বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ।
ওসি ওমর ফারুক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো খাবার খাওয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।”
এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।