ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে: সারজিস আলম
দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা-১ ও ঢাকা-২ আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
দেশের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, “এ দেশের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ নিজেদের জন্য যাকে উপযুক্ত মনে করবে তাকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।”
মঙ্গলবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, “ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। প্রস্তুত থাকুন, সামনে ৩৬ মাস কিংবা ৩৬ বছর আন্দোলন করতে হতে পারে।
“৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনও ষড়যন্ত্র করছে।”
সারজিস আলম বলেন, “দরবেশ সালমান এফ রহমান নিজের স্বার্থে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে একটি আসন করেছিল। দুই আসনকে এক করে নিজের স্বার্থ হাসিলে দুর্নীতি করে পকেট ভারি করেছেন।
“আমরা চাই এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থাৎ পূর্বের ন্যায় ঢাকা-১ ও ঢাকা-২ আসনে ফিরিয়ে দেওয়ার। তাতে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন।”
আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা।
পথ সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহউদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ এবং আরাফ হোসেন উপস্থিত ছিলেন।
বিকালে সারজিম আলম দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ‘রাষ্ট্রগঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন।
