২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শেষ সময়েও পদ্মা সেতুতে ভিড়, ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি টাকা

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার যান পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদুল আজহার আগের দিন মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ বাড়ি ফিরছেন।

ঈদযাত্রার শেষ দিন রোববার সকালে পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে ছিল লম্বা লাইন; এদিন মোটরসাইকেলের চাপও বেশি দেখা গেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল) রাজন চন্দ্র বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার যান পারাপারে ৪ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।

ঈদযাত্রার পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতেও সেতু কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

সেতু কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে বেশি চাপের কারণে মোটারসাইকেলের জন্য নির্দিষ্ট বুথের সঙ্গে আরও একটি বুথ বাড়ানো হয়। বাকি ছয়টি বুথ দিয়ে ট্রাকসহ অন্যান্য যান সেতুতে প্রবেশ করে। সেতুতে কখনও যানবাহনের লাইন লম্বা হচ্ছে; আবার কখনও ফাঁকা হয়ে যাচ্ছে।

তবে সেতু দিয়ে মাত্র ৯-১০ মিনিটে পদ্মা পার হতে পেরে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষরা খুশি বলে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আরী বলেন, “সকালে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকলেও দুপুরের দিকে কমেছে। এই পথে নিরাপদেই বাড়ি ফিরছেন মানুষ।”

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।