বরিশালে উপনির্বাচনে ‘ঘুষ’ নেওয়ায় আটক ৩ কর্মকর্তার জামিন
পৌরসভার উপনির্বাচনে এক মেয়র প্রার্থীর দেওয়া ঘুষের টাকা নেওয়ার অভিযোগে কেন্দ্রে দায়িত্ব পালনকালে তাদের আটক করা হয়।
বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে আটক তিন ভোটগ্রহন কর্মকর্তাকে জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মামলার আসামি হিসেবে তিনজনকে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
পরে হাকিম মাহফুজুর রহমান তিনজনকে জামিন দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী আতিকুর রহমান জুয়েল।
কর্মকর্তারা হলেন- সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সোনালী ব্যাংকের গৌরনদী বন্দর শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
এর আগে বুধবার পৌরসভার উপ নির্বাচনে এক মেয়র প্রার্থীর দেওয়া ঘুষের টাকা নেওয়ার অভিযোগে কেন্দ্রে দায়িত্ব পালনকালে তাদের আটক করা হয়।
এ দিন রাতে গৌরনদী মডেল থানায় ওই তিন কর্মকর্তা এবং মেয়র প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয় বলে ওসি আনোয়ার হোসেন জানান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অন্য দুই আসামি হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র হারিচুর রহমান এবং গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মুন্সী।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট দেওয়া থেকে বিরত থাকতে ভোটারদের প্ররোচিত করতে ঘুষ গ্রহণের অভিযোগে ওই মামলা করা হয়েছে। মামলার আসামি হিসেবে তিনজনকে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারের বরাতে তিনি জানান, বাদী গোপন সংবাদে জানতে পারেন, ভোট গ্রহনের দায়িত্বে থাকা ওই তিন কর্মকর্তা নির্বাচনের আগের রাতে মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের কাছ থেকে ঘুষ নিয়েছেন।
মামলার এজাহারে আরও বলা হয়, ঘুষ নেওয়ার বিষয়টি জানার পর নির্বাচনের দিন ভোট চলাকালীন বাদীসহ বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন, বরিশাল জেলা জ্যেষ্ঠ অতিরিক্ত নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী, কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে ওই তিন কর্মকর্তাকে একটি কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন।
তাদের স্বীকারোক্তির বরাতে মামলায় বলা হয়, মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীন, সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী রাতে ভোট কেন্দ্রে এসে বকশিসের কথা বলে তাদের ৮ হাজার টাকা ঘুষ দেন। এক পর্যায়ে ঘুষের টাকা বের করে দিলে পুলিশ টাকা জব্দ করে।
আইনজীব আতিকুর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ঘুষের টাকা নয়; বকশিসের টাকা। এছাড়াও আসামিরা নির্বাচনে অনিয়ম করেছেন, এমন কোনো প্রমাণ মেলেনি।
“ভোটের পর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সারাদেশে ভোটগ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। বিচারকের কাছে বিষয়টি উপস্থাপন করায় তিনজনকে জামিন দিয়েছেন।”
ওই উপ নির্বাচনে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলাউদ্দিন ভুইয়া নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ৫৪৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন মোবাইল ফোন প্রতীকে ৪ হাজার ৭৮৬ ভোট পান।
