২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্ত্রী হত্যায় স্বামীর প্রাণদণ্ড

ওই রাতে আলিমার চিৎকারে তার মা এগিয়ে গিয়ে দেখেন, জামাতা তার মেয়েকে ছুরিকাঘাত করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 07:24 PM

Updated : 06 Aug 2023, 07:24 PM

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানান এই আদালতের পিপি নিজাম উদ্দিন।

রায়ে দোষীকে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাবাস এবং অপর একটি ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাবাসে থাকার আদেশ দেওয়া হয়।

পিপি নিজাম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত সিদ্দিক আহমদ (৩৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মৃত মনসব আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে তিনি জানান, পরিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাতে শ্বশুরবাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বীরকূলি গ্রামে বসতঘরে স্ত্রী আলিমা বেগমকে ছুরিকাঘাত করে খুন করেন সিদ্দিক আহমদ। মেয়ের চিৎকার শুনে শাশুড়ি ফুলতেরা বেগম এগিয়ে গেলে তার কপালেও ছুরিকাঘাত করেন তিনি। এ ঘটনায় ওইদিন নিহতের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

পিপি আরও জানান, ঘটনার প্রায় ৬ বছর আগে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বীরকূলি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমের সঙ্গে সিদ্দিক আহমদের বিয়ে হয়। তাদের মাহের নামে চার বছর বয়সি এক শিশু সন্তান রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই আলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সিদ্দিক। ঘটনার আগের দিন সন্ধ্যার দিকে স্ত্রীকে নিতে শ্বশুরালয়ে আসেন সিদ্দিক আহমদ। রাত হয়ে গেলে শ্বশুর-শাশুড়ি জামাইকে থেকে যেতে বলেন। তাদের কথামতো তিনি থেকে যান। ওই রাতে খাওয়া-দাওয়া শেষে সিদ্দিক ও আলিমা ঘুমাতে যান। রাত ১টার দিকে আলিমার চিৎকারে মা ফুলতেরা বেগম এগিয়ে গিয়ে দেখেন, সিদ্দিক তার মেয়েকে ছুরিকাঘাত করেছেন। তাকে বাঁচাতে গিয়ে ফুলতেরাও আহত হন; ঘটনাস্থলেই আলিমার মৃত্যু হয়।

মামলায় তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক খালেদ মিয়া ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।