২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সদরে মনোনয়নপত্র নিলেন ‘বঞ্চিত’ বিএনপি নেতা ইয়াছিন

এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই তিনি কর্মী-সমর্থকদের নিয়ে লাগাতার বিক্ষোভ ও গণসংযোগ চালিয়ে আসছিলেন।

এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

বুধবার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান ছুটিসহ অন্যান্য নেতারা।

আতাউর রহমান ছুটি বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং বিষয়টি বিবেচনায় রাখবেন।”

এই আসনে রোববার কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনার জন্ম দেন। যদিও পরদিনই তিনি সংবাদ সম্মেলন করে বলেন, এটি তার ভুল হয়েছে। কারণ, তিনি বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থক হিসেবে কাজ করছেন।

তবে সেই সঙ্গে সাক্কু একথাও বলেন যে, যদি হাজী ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তাহলে তিনিও নির্বাচনে প্রার্থী হবেন।

এদিকে সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর কুমিল্লা-৬ আসনের প্রার্থী দলের মহানগর কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-১০ আসনের প্রার্থী মো. ইয়াসির আরাফাত।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আশা করছি, সামনের নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। কুমিল্লা-৬ আসনের মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দিয়েই নির্বাচিত করবে।”

এদিকে তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১টি আসনে মোট ৮৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বিএনপি থেকে।

বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে।

তিনি বলেন, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। প্রতি উপজেলায় দুইজন করে নির্বাহী হাকিম আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এখন পর্যন্ত বিএনপি থেকে সর্বাধিক ২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি দুটি, ইসালামী আন্দোলন বাংলাদেশ পাঁচটি, জাতীয়তাবাদী কৃষক দল একটি, খেলাফত মজলিস পাঁচটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, এলডিপি একটি, বাংলাদেশ কংগ্রেস একটি, গণফ্রন্ট একটি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি একটি, গণঅধিকার পরিষদ দুটি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ একটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দুটি, এনপিপি একটি, জেএসডি দুটি, জাতীয় পার্টি দুটি, বাসদ একটি, আমজনতার দল একটি, বৃহত্তর সুন্নি জোট একটি, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র হিসেবে ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আটটি, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নয়টি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে সাতটি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১২টি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আটটি, কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে পাঁচটি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে চারটি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সাতটি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৬টি, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে পাঁচটি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।