নারায়ণগঞ্জে ইজিবাইকের শো-রুমে বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ইজিবাইকের শো-রুমে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
নিহত কামাল পাশা টিটু (৪৮) ওই উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকার বাসিন্দা এবং ওই শো-রুমের ম্যানেজার ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৭ বছর বয়সি মো. সাগর শেখ। সে ওই ইজিবাইকের শো-রুমের কর্মী ছিল।
সাগর মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁওয়ের শেখ বাড়ির মো. আলমগীরের ছেলে। সে পরিবার নিয়ে ফতুল্লার কাশীপুরের দেওয়ানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ওসি নূরে আযম বলেন, “বুধবার দুপুরে সাগরের বাবা বাদী হয়ে ওই শো-রুমের মালিক স্বপন হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন “
তিনি বলেন, “ইজিবাইক শো-রুমের মালিকের অবহেলাজনিত কারণে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। স্বপন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) ফখর উদ্দিন আহম্মাদ বলেন, “ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে চারতলা ভবনের নিচতলায় ইজিবাইক অ্যাসেম্বল করে বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি রয়েছে৷ এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷”
তিনি আরও বরেন, “বিস্ফোরণের কারণ নিশ্চিতের জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির একটি টিম। এই ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটিও গঠন করেছে। সকলেই বিষয়টি নিয়ে কাজ করছি।”
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
গত ২৯ জুলাই সকাল সোয়া ৯টার দিকে ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ‘মুসকান মোটরস্’ নামে একটি ইজিবাইকের শো-রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে ওই শো-রুমের পাশের দু’টি ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ১৩ জন আহত হন।
আরও পড়ুন:
