বগুড়ায় অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
এ জেলার সাতটি সংসদীয় আসনে ৯৮৩টি কেন্দ্রের মধ্যে ৫০০টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৯৮৩টি কেন্দ্রের মধ্যে ৫০০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ ছাড়া জেলায় অর্ধেকের বেশি কেন্দ্র থাকবে বিশেষ নজরদারিতে।
ভোটকেন্দ্রগুলোর মধ্যে ১৯০টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ৩১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং বাকি ৪৮৩টি কেন্দ্রকে সাধারণ তালিকায় রাখার কথা জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।
তিনি বলেন, শাজাহানপুর উপজেলায় মোট ৭৫ কেন্দ্রের মধ্যে ৪৬টি অধিক ঝুঁকিপূর্ণ। সবচেয়ে কম গাবতলীতে একটি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে।
বগুড়া পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা জানায়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি কেন্দ্রে এবারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কক্ষ রয়েছে, পাঁচ হাজার ৪৭৮টি।
এর মধ্যে স্থায়ী পাঁচ হাজার ১৪৮টি ও অস্থায়ী ৩৩০টি। এর মধ্যে ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ), ৩১০টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৪৮৩টি সাধারণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ ও নারী ১৫ লাখ এক হাজার ২৭ জন।
সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে বগুড়া-১ আসন গঠিত। এর মধ্যে সোনাতলায় ৫৪টি কেন্দ্র রয়েছে; যার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ দুটি, ঝুঁকিপূর্ণ ৩১টি ও সাধারণ কেন্দ্র ২১টি। এ ছাড়া সারিয়াকান্দি উপজেলায় ৭২টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি, ঝুঁকিপূর্ণ ১৬টি ও সাধারণ কেন্দ্র ৪১টি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৬টি, ঝুঁকিপূর্ণ চারটি ও সাধারণ কেন্দ্র ৮৪টি।
বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের আদমদীঘি উপজেলায় মোট ৬১টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৬টি, ঝুঁকিপূর্ণ ৩৪টি ও সাধারণ কেন্দ্র ১১টি। দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬টি, ঝুঁকিপূর্ণ ৩৯টি ও সাধারণ কেন্দ্র ১২টি।
বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনের নন্দীগ্রাম উপজেলায় মোট ৪৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ নেই, ঝুঁকিপূর্ণ ১৮টি ও সাধারণ কেন্দ্র ৩১টি। এ ছাড়া কাহালু উপজেলায় ৬৫টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩১টি, ঝুঁকিপূর্ণ ২৭টি ও সাধারণ কেন্দ্র সাতটি।
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনের শেরপুর উপজেলায় মোট ৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি, ঝুঁকিপূর্ণ ১৬টি ও সাধারণ কেন্দ্র ৫৩টি। এ ছাড়া ধুনট উপজেলায় ৮৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১২টি, ঝুঁকিপূর্ণ ৬৩টি ও সাধারণ কেন্দ্র ১৪টি।
সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি, ঝুঁকিপূর্ণ ৪৮টি ও সাধারণ কেন্দ্র ৯৭টি।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনের গাবতলী উপজেলায় মোট ৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি, ঝুঁকিপূর্ণ ১৪টি ও সাধারণ কেন্দ্র ৮৩টি। এ ছাড়া শাজাহানপুর উপজেলায় ৭৫টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অধিক ঝুঁকিপূর্ণ ৪৬ টি, ঝুঁকিপূর্ণ নেই ও সাধারণ কেন্দ্র ২৯টি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি কয়েকটি ভ্রাম্যমাণ দলও থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
বগুড়া জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক আদালত কাজ করছে।
এ ছাড়া সাধারণ ভোটারদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
