বরিশালে দুই ডিজেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
এছাড়া ওজন যন্ত্রের সত্যায়ন না থাকায় এক ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও পরিমাপে কম দেওয়ায় দুই ডিজেল ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালানো হয় বলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিন জানান।
অভিযানে থাকা বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিজেল বিক্রির দায়ে নগরীর পোর্ট রোডের মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ১০ হাজার ও ১০ লিটার ডিজেলে দেড়শ মিলিলিটার কম দেওয়ায় মেসার্স জিয়া ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ওজন যন্ত্রের সত্যায়ন না থাকায় একটি ফল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিমাপক যন্ত্র ধ্বংস করা হয় জানিয়ে ইয়াছিন আরাফাত বলেন, আগামী ৭ দিনের মধ্যে ওই ব্যবসায়ীকে নতুন ওজন যন্ত্র প্রস্তুত করে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে ব্যবহার করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
