ফেনীতে বোরকা পরে বিএনপি কর্মীকে হত্যায় গ্রেপ্তার ৫
হত্যা মামলার আসামি আবুল হাশেম প্রায় তিন বছর কারাভোগ শেষে কয়েক মাস আগে জামিনে বেরিয়ে আসেন।
ফেনীর সোনাগাজী উপজেলায় বিরোধের জেরে বিএনপির কর্মী আবুল হাশেমকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর দরবেশ গ্রামের আক্তার হোসেন (৩৫), একই এলাকার মো. রাকিব (২৫), চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া গ্রামের শেখ রাসেল (৩০), একই এলাকার মো. শিপন (৩০) এবং মো. সোলেমান (৪৫)।
মঙ্গলবার সকালে সোনাগাজী পৌরসভার ইসলাম মুহুরি রোড এলাকার ভাড়াবাসা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পশ্চিম চর দরবেশ গ্রামের যাচ্ছিলেন বিএনপি কর্মী আবুল হাশেম। পথে ওলামাবাজার এলাকায় বোরকা পরা কয়েক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
আবুল হাসেমকে (৪২) উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি মারা যান।
মঙ্গলবার রাতেই নিহতের বাবা আবদুল শুক্কুর ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, রাতেই প্রধান আসামি আক্তার হোসেনসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি বোরকা, একটি দা, দুটি রক্ত মাখা রড, একটি ওড়না, তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।
এদিকে নিহতের মরদেহ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবুল হাশেমের সঙ্গে তার প্রতিবেশী বেলালের জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে ২০২১ সালের ৩১ মে দুপক্ষের মারামারিতে বেলাল নিহত হন। সেই মামলার প্রধান আসামি আবুল হাশেম প্রায় তিন বছর কারাভোগ শেষে কয়েক মাস আগে জামিনে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:
