সিলেটে স্ত্রীকে নির্যাতন মামলায় পুলিশ পরিদর্শক কারাগারে
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পলাতক ছিলেন মনিকুল।
সিলেটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূইয়া এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রাশিদা সঈদা খানম জানান।
কারাগারে যাওয়া মানিকুল ইসলাম বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
মামলার বরাতে পিপি রাশিদা বলেন, “মানিকুল মিথ্যা তথ্য দিয়ে ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর প্রবাসী এক নারী চিকিৎসককে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী কানাডায় চলে যান। পরে মানিকুল তাকেও কানাডায় নিয়ে যাওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এমন পরিস্থিতিতে ওই নারী প্রায় এক কোটি টাকা খরচ করে মানিকুলের জন্য কানাডার ভিসার ব্যবস্থা করেন।
“তবে মানিকুল কানাডায় যেতে অস্বীকৃতি জানিয়ে গুলশান থানায় তার পোস্টিংয়ের জন্য ওই নারীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মানিকুল তাকে বেধড়ক মারধর করেন।
পিপি আরও বলেন, “২০১৭ সালের ১৮ জুন ওই নারী কানাডা থেকে দেশে ফিরলে তাকে বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মানিকুল তার গাড়িতে তোলেন। বিমানবন্দর থেকে কিছুদূর যাওয়ার পর মানিকুল ফের তার কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
“টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মানিকুল ওই নারীর নাকে-মুখে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ এবং কানের পর্দা ফেটে যায়। এক পর্যায়ে মানিকুল ওই নারীর পাসপোর্ট, ক্রেডিট কার্ড, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং পাঁচ হাজার কানাডিয়ান ডলার ছিনিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
“রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানার আউশকান্দি হিরাগঞ্জ বাজারে গাড়িটি পৌঁছলে ফের ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন মানিকুল। চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া অপর একটি গাড়ি মানিকুলের গাড়িটিকে আটকায়। তখন মানিকুল ওই নারীকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যান।”
স্থানীয় জনতা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি কারায় এবং বিষয়টি নবীগঞ্জ থানায় জানায়, বলেন পিপি।
এ ঘটনায় ওই নারী নবীগঞ্জ থানায় অভিযোগ করেন; তবে মানিকুল সে সময় হবিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত থাকায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এমনটি মামলায় উল্লেখ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
পরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বালাগঞ্জ থানায় রেকর্ড করা হয়। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পলাতক ছিলেন মনিকুল।
অবশেষে মনিকুল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বলে জানান পিপি রাশিদা।
