২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় সিপিবি নেতার মৃত্যু

তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান।

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় সিপিবি নেতার মৃত্যু

আবুল কাইয়ুম আহমেদ সিপিবি নেত্রকোণা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছাড়াও জেলা যুব ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 04:45 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় এক সিপিবি নেতার মৃত্যু হয়েছে।

নিহত আবুল কাইয়ুম আহমেদ সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া তিনি জেলা যুব ইউনিয়নের সভাপতির দায়িত্বেও ছিলেন।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর এলাকায় তিনি মারা যান বলে নেত্রকোণা জেলা যুব ইউনিয়নের সহসভাপতি জয় কুমার দে পুলক জানান।

আবুল কাইয়ুম একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। এ ছাড়া বেশ কিছু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। নিয়মিত লেখালেখি করতেন। শহরের নিউটাউন এলাকার বাসিন্দা কাইয়ুম স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

যুবনেতা পুলক বলেন, মঙ্গলবার শহরের কাটলী থেকে রিকশায় করে সাতপাইয়ের দিকে যাচ্ছিলেন। পাটপট্টি ব্রিজ এলাকায় তার রিকশাকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

কাইয়ুমকে প্রথমে নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় যাওয়ার পথে গাজীপুর এলাকায় তিনি মারা যান বলে জানান পুলক।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতপাইয়ে দলীয় কার্যালয়ে কাইয়ুমকে শেষ শ্রদ্ধা জানান সহযোদ্ধা ও সহকর্মীরা। সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা সিপিবির সভাপতি নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

দুপুর ২টায় শহরের মিফতাউলুম মাদ্রাসায় জানাজার নামাজ শেষে সাতপাই কবরস্থানে কাইয়ুমকে শায়িত করা হয়।