Published : 18 Jul 2026, 11:26 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার কথা জানিয়েছে পুলিশ।
নিহত ইমন মিয়া (২৫) উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে গ্রামের বাড়ি থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইমন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তিনি বেশ কিছু দিন ধরে এলাকা ছেড়ে ছিলেন। মাঝে মাঝে এসে আবার চলে যেতেন।
শুক্রবার গভীর রাতে পুরানবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক লিটন মিয়ার বাড়িতে চুরি হয়। প্রতিবেশীর বাড়িতে চুরির জন্য ইমন মিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে শনিবার সকালে লোকজন পাশের আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করেন এবং ব্যাপক মারধর করা হয়।
এই অবস্থায় ইমনকে তার চাচা বাড়িতে নিয়ে আসেন। পরে দুপুরে মৃত্যু হয় ইমন মিয়ার।
ওসি তরিকুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে চাচার বাড়ির উঠানে খাটিয়াতে ইমনের মরদেহ পেয়েছে।
লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইমনের বিরুদ্ধে চুরি বা অন্য কোনো মামলা ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, থানায় তালাশ করে দেখা হচ্ছে। একটু সময় লাগবে। পরে জানানো যাবে। এখনও মামলা হয়নি। তদন্ত শুরু হয়েছে।