Published : 14 Jul 2026, 11:28 PM
আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ‘বাড়াবাড়ি’ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, “যারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল, তারাই বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন করে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। তাই এই এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ‘হাংকি-পাংকি’ করবেন না। এরাই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার আন্দোলন করে আপনাদের লন্ডনে পাঠিয়ে দেবে।”
মঙ্গলবার রাত সোয়া ৮টায় বগুড়া শহরের সাতমাথায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে এনসিপি নেতারা বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় জুলাই পদযাত্রা ও সমাবেশ করেন। সন্ধ্যার পর পরই তারা বগুড়া শহরে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টার পর শহরের কালীতলা এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা সাতমাথা পর্যন্ত জুলাই পদযাত্রায় অংশ নেন।
সভায় নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “বগুড়া আমি এসেছি ভাড়া গাড়ি নিয়ে। পাশেই রেখেছি, একজন এসে বলে ১০০ টাকা চাঁদা দাও। প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার হয়েছি।”
জুলাই আন্দোলন নিয়ে এনসিপি নেতা বলেন, “এখন আমাদের ‘নব্য জুলাই ব্যবসায়ী’ বলা হচ্ছে। অথচ আপনি শিক্ষামন্ত্রী জুলাই আন্দোলনের পর আমেরিকা থেকে এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন শিলং থেকে এসেছেন। এই জুলাই আন্দোলনকারীরা আপনাদের ক্ষমতার মসনদে বসিয়েছে। আর আমাদের বলছেন, ‘জুলাই ব্যবসায়ী’!
“দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা নিশ্চিতে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজী, দখলবাজী, মাদক নির্মূল করতে গিয়ে যদি আমাদের ‘জুলাই ব্যবসায়ী’ বলা হয়, তবে আমরা তাই।”
বগুড়া জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুস সবুর সুমনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, গাজী সালাহউদ্দিন তানভীর, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, এনসিপি জেলা আহ্বায়ক এস এম এ সুলতান মাহমুদ, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন।