বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নরসিংদী চেম্বারের ১৮ পরিচালক
৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সমঝোতার ভিত্তিতে ১৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
শনিবার এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া।
তফসিল অনুযায়ী, শনিবার নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শ্রেণির ১২ জন এবং সহযোগী শ্রেণির ছয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পরিচালকদের মধ্য হতে একজন প্রেসিডেন্ট এবং দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
সাধারণ শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন- রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।
সহযোগী শ্রেণির নির্বাচিত পরিচালকরা হলেন- হাসিব আহমেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূএর (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহমোদ মোল্লা (রিপন)।
৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সমঝোতার ভিত্তিতে ১৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একটি প্যানেলের বাইরে ভিন্ন কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী ছিলেন না।
নবনির্বাচিত পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু হয়ত প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি।
নরসিংদী জেলার ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা ছয় হাজার ৭০০ জন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণিতে ২১ জন এবং সহযোগী শ্রেণিতে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।
সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণির নয়জন এবং সহযোগী শ্রেণির ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
