ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ভোরে প্রবল বর্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানটি উল্টে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
বুধবার ভোরে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে একটি কভার্ডভ্যান উল্টে গেলে এ যানজটের সূত্রপাত হয় বলে জানান হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি রেজাউল হক৷
বেলা ১১টার দিকে তিনি বলেন, “ভোরে প্রবল বর্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানটি উল্টে যায়৷ এতে কেউ গুরুতর আহত না হলেও সড়কে দীর্ঘ যানজট তৈরি করে৷
পরে পুলিশ খবর পেয়ে বাহনটি সড়ক থেকে সরিয়ে নেয়৷ এখনও মহাসড়কের কয়েকটি জায়গায় খণ্ড খণ্ডভাবে যানজট রয়েছে৷ পুলিশ তা নিরসনে কাজ করছে৷”
রহমত উল্লাহ নামের এক বাসচালক বলেন, কাঁচপুর থেকে মদনপুরে পৌঁছাতে এক ঘণ্টা সময় লেগেছে তার৷ যদিও স্বাভাবিক সময়ে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
