ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
অবরোধের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চলের যাতায়াত বন্ধ হয়ে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়ায় ঝাউদিয়া থানা উদ্বোধন ও নবনির্মিত ভবনে কার্যক্রম শুরুর দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় ঝাউদিয়া ও আশপাশের ছয়টি ইউনিয়নের মানুষ এ বিক্ষোভ করেন বলে জানিয়েছেন ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী।
টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চলের যাতায়াত বন্ধ হয়ে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে সংবাদ পেয়ে জেলা পুলিশের কর্মকর্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক আলোচনার অঙ্গীকার করায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
এ বিষয়ে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, “পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আমাদের আন্দোলনস্থলে এসে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের উপযোগী নবনির্মিত অবকাঠামোতে থানার কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি দাবি বাস্তবায়ন বিষয়ে মিটিং ডেকেছেন।
“সভায় নতুন এই থানা কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনার করা হবে।সেই পরিপ্রেক্ষিতে আগামী ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
অবরোধ চলাকালে ব্যাগপত্র নিয়ে হেঁটে যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা সুমিত্রা রায়। অবরোধস্থল পার হয়ে অপর প্রান্তে গিয়ে বিকল্প পরিবহনে যাত্রা করবেন বলে জানালেন যশোর থেকে বগুড়াগামী বাস থেকে নেমে যাওয়া এ যাত্রী।
তিনি বলেন, “পূর্ব ঘোষণা ছাড়া মহাসড়কে চলাচলে বাধার সৃষ্টি হলে দীর্ঘ সময় ধরে পরিবহনে বসে থাকা যাত্রীদের ধৈর্যচ্যুতির সাথে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই বিকল্প চিন্তা করে পায়ে হেঁটে অবরোধস্থল পার হচ্ছি।”
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে মঙ্গলবার সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এসময় থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে আগামী ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান থানাকে ‘ইবি পুলিশ ক্যাম্প’ হিসেবে রূপান্তর এবং ইবি থানাকে স্থানান্তর করে ঝাউদিয়া থানা হিসেবে চালুর লক্ষ্যে এর মধ্যেই দাপ্তরিক অনুমোদন হয়েছে।
“এছাড়া নতুন থানার জন্য ভবন নির্মাণও সম্পন্ন হয়েছে। এখন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এখানকার স্থানীয়দের দাবি ও বাস্তবতা বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
খুব শীঘ্রই এর একটা সফল সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা।
