নীলফামারীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
যাত্রীবেশে কয়েকজন ছাপিনুরের ইজিবাইক ভাড়া নিয়েছিলেন বলে জানায় পুলিশ।
নীলফামারী সদর উপজেলায় গলা কেটে এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার মধ্যরাতে শহরের কুখাপাড়ার ধনিপাড়া গ্রামে তিস্তা সেচ ক্যানেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম।
নিহত ছাপিনুর রহমান (৫৫) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা মৌজার সিংদই পশ্চিম পাড়া গ্রামের প্রয়াত আবু বক্করের ছেলে।
নিহতের পরিবারের বরাতে তানভীরুল ইসলাম বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা শহরের কোনো এক স্থান থেকে ছাপিনুরের ইজিবাইকে ওঠেন। পরে শহর থেকে কিছুটা দূরে জনশূন্য স্থানে নিয়ে তার ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেন তারা।
বাধা দিলে ছাপিনুরকে রাস্তার পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে সেখানে ফেলে তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
তিনি বলেন, ছাপিনুরের গোঙানির আওয়াজ পেয়ে পথচারী ও আশেপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক তানভীরুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ ইজিবাইক উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার দুপুরে জেলা সদরের টেলাপীর মোড় এলাকার একটি মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ছাপিনুরের ছেলে রশিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
