Published : 03 Jun 2026, 09:56 PM
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছেন।
বুধবার দুপুরে উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন আওয়ামী লীগের পদ ছেড়ে আসা মো. ছানোয়ার হোসেন মোল্লা।
একই অনুষ্ঠানে নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম শেখও বিএনপিতে যোগ দেন।
আওয়ামী লীগের সদ্য সাবেক কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রায় দুই বছর পর সম্প্রতি দেশে ফিরেছি। রাজনৈতিক বিভিন্ন বিষয় ও স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
“বিশেষ করে কে এম বাবরের মানুষের প্রতি আন্তরিকতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সাধারণ মানুষ খুব সহজেই তার সঙ্গে দেখা করে নিজেদের কথা বলতে পারছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিএনপিতে যোগদান করেছি।”
তার সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম শেখও যোগ দিয়েছেন। এ ছাড়া অন্তত এক হাজার ২০০ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে জানান ছানোয়ার হোসেন।
জুলাই আন্দোলনের পর নির্যাতনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ৫ অগাস্টের পর দেশে ছিলাম না। প্রবাসে থাকায় এ ধরনের কোনো ঘটনার মুখোমুখি হইনি।”
সংসদ সদস্য কে এম বাবর বলেন, “আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আর এই জোর দখলের নির্বাচন আর হবে না। আপনারা আপনাদের পছন্দের নেতাকে নির্বাচিত করবেন। এখানে কোনও জুলুম থাকবে না, কোনও ভয়ভীতি থাকবে না, কোনও সন্ত্রাসের মাধ্যমে কাউকে জেতানোও সম্ভব হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের ওপর আস্থা রাখুন, আমার ওপর বিশ্বাস রাখুন। আমি চাই গোপালগঞ্জ সদরে যাতে কোনও অন্যায়-অত্যাচার না হয়, কেউ যেন কষ্ট না পায় বা ঠকানো না হয়, এমন পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাল্লাহ।”
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান হাচিব, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম এবং ইমরুল মিয়া উপস্থিত ছিলেন।