২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা থেকে বাঁচতে নানাবাড়ি এসে নদীতে নিখোঁজ শিশু

ফেনীর ছাগলনাইয়ার গ্রামের বাড়িতে বন্যার পানি উঠায় শিশুটি খাগড়াছড়ির নানা বাড়ি চলে এসেছিল।

বন্যা থেকে বাঁচতে নানাবাড়ি এসে নদীতে নিখোঁজ শিশু
খাগড়াছড়ির ফেনী নদীতে শিশু উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

খাগড়াছড়ির রামগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে এক শিশু। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ফেনী নদীর তীরবর্তী ফেনীরকূল এলাকায় এ ঘটনা ঘটে বলে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ন্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিশান্ত বিকাশ বড়ুয়া জানান।

নিখোঁজ কাজী মিনহাজ (৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সত্তের গ্রামের কাজী মনজুরের ছেলে। 

পরিবারের বরাতে ফায়ার সার্ভিস জানায়, বাড়িতে বন্যার পানি ঢোকার কারণে মনজুর স্ত্রী জাহেদা ও ছেলে মিনহাজকে বৃহস্পতিবার ফেনীরকূল গ্রামের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। দুপুরে মিনহাজ নদীর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ পা পিছলে সে নদীতে পড়ে যায়। 

আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেন। প্রবল স্রোতের কারণে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশান্ত বিকাশ বড়ুয়া বলেন, “নদীতে অধিক পানি ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের আটজন ডুবুরিকে আনা হয়েছে। তারা চেষ্টা চালাচ্ছে।”