২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সানোয়ারাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 09:35 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

নিহত সানোয়ারা বেগম (৩২) ওই এলাকার প্রয়াত হেলাল উদ্দিনের মেয়ে। আটক শফিকুল ইসলাম (৩৫) ওই এলাকার বাসিন্দা।

সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলাম ১৫ দিন আগে দেশে ফিরেছেন। শফিকুল ও সানোয়ার দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি শরীফুল বলেন, “মায়ের নিষেধ সত্ত্বেও ছোট মেয়ে বাসার ছাদে খেলতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে চর মারেন সানোয়ারা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। 

“এক পর্যায়ে শফিকুল ঘরে থাকা ছুরি দিয়ে সানোয়ারাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধারের পাশাপাশি নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শরীফুল ইসলাম।