২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

অবরোধের কারণে ৪ ঘণ্টা রংপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ ছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান।

স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরাও এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে প্রায় চার ঘণ্টা পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৮ বছর ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নামে ‘কালক্ষেপণ’ করা হচ্ছে। নিজস্ব ক্যাম্পাস না থাকায় অনেক কষ্টে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। টানা ৮ দিন ধরে চলা আন্দোলনে তাদের ন্যায্য দাবির সঙ্গে সব শ্রেণীপেশার মানুষ এবং শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরাও ‘সংহতি’ প্রকাশ করেছে।

দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান।  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম হাসান তালুকদার বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে।

“আগে ৯ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছিল, সেটা কমিয়ে ৬০০ কোটি টাকা করা হয়েছে। ইউজিসিকে বলেছি, হয় টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন।”

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, “ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকা-পাবনা মহাসড়কে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। দুইপাশে প্রচুর পরিমাণে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।”

বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।