২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অপহরণের শিকার ৯ কৃষক

তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের বরাতে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

কক্সবাজারের টেকনাফে নয় কৃষককে অপহরণের খবর এসেছে। তাদের মধ্যে সাতজন স্থানীয় ও দুজন রোহিঙ্গা রয়েছেন।  

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া থেকে তাদের অপহরণ করা হয় বলে ওই ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী জানান।  

অপহৃতরা হলেন- ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন।  

তবে দুই রোহিঙ্গার নাম-পরিচায় পাওয়া যায়নি।  

ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, স্থানীয় সাত কৃষককে অপহরণের কথা তিনি শুনেছেন। 

পাহাড়ের পাদদেশে ক্ষেত-খামারে কাজ করার সময় তাদের অপহরণকারীরা ধরে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তিনি টেকনাফ মডেল থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে তাকে জানিয়েছে।  

টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, কৃষকদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন তারা। 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।