২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী সেজে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়ম পেয়েছে দুদক।

রোগী সেজে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের কর্মকর্তা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

রোগী সেজে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

অভিযানে কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২ এর সহকারী পরিচালক আরিফ আহমদ নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন। 

অভিযান শেষে আরিফ আহমদ বলেন, “সকালে সাধারণ মানুষে মত রোগীর বেশে হাসপাতালে আসি। এ সময় হাসপাতাল ঘুরে দায়িত্বরতদের দায়িত্ব অবহেলাসহ নানা অনিয়ম আমাদের চোখে পড়েছে। বিষয়গুলো আমলে নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, হাসপাতালে টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণে টাকা নেওয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা বিষয়ে দুদকের কাছে অভিযোগ ছিল। অভিযানের সময় স্বাস্থ্য কর্মকর্তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা উপস্থিত ছিলেন।