২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা: কুমিল্লা ইপিজেড দুদিনের জন্য বন্ধ ঘোষণা

ইপিজেডের নির্বাহী পরিচালক বলেন, “আমরা আশা করছি, পরিস্থিতি অনুকূলে এলেই আগের মত কার্যক্রম চালু হবে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 12:26 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেডে জলাবদ্ধতার কারণে দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে ইপিজেডের  নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব জানান।

কুমিল্লা নগরীর কিছু অংশের বন্যার পানি নগরীর দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে প্রবেশ করে বিমানবন্দর এলাকা দিয়ে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর খাল হয়ে ডাকাতিয়া নদীর লালমাই অংশে চলে যায়। 

তবে ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির প্রভাবে ডাকাতিয়া নদীর পানি বেড়ে যায়। গত দুদিন ইপিজেড এলাকার পানি আর বের হতে পারেনি। 

যে কারণে ইপিজেডের ভেতরে ৪-৫ ফুট পর্যন্ত পানি জমে গেছে। ইতোমধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি কারখানায় পানি উঠে পড়েছে।  

এ কারণে শনিবার সকালে কর্মীরা এসে কাজ করতে অনীহা প্রকাশ করেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে বসে ইপিজেডটি দুদিনের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

আবদুল্লাহ আল মাহবুব সাংবাদিকদের আরও বলেন, নগরীর কিছু অংশের পানি ইপিজেড এলাকার দুটি ড্রেন দিয়ে ডাকাতিয়ায় গিয়ে মেশে। এখন উল্টো দিক থেকে পানি প্রবেশ করছে। তাই ইপিজেডের কর্মরতদের কাজে আসতে অসুবিধে হচ্ছে। 

তিনি বলেন, “এছাড়া জমে থাকা পানিতে যেকেউ রোগাক্রান্ত হয়ে যেতে পারেন। সে কারণে ইনভেস্টরদের পক্ষ থেকেই আগামী দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে আশা করছি, পরিস্থিতি অনুকূলে এলে ফের কার্যক্রম চালু হবে।”