Published : 28 Oct 2025, 08:41 PM
দুই দশক আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় চারজনকে যাবাজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিউদ্দীন আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আজিজুর রহমান।
রায় ঘোষণার সময় আদালত আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান তিনি।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৫৩), বোয়ালমারী উপজেলার গুণবাহা ইউনিয়নের গুণবাহা গ্রামের কামরুল হাসান ওরফে কামরুজ্জামান (৪৫), একই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে মনির (৪০) এবং একই ইউনিয়নের চর ধোপাপাড়া গ্রামের আব্দুস সামাদ (৬০)।
মামলার বরাতে পিপি আজিজুর রহমান বলেন, ২০০৫ সালের ২৮ জুলাই রাতে বোয়ালমারী উপজেলার চর ধোপাপাড়া গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের তপন রায় (৩০) এবং নিকলাল মাঝি (৩৫) খুন হন। তারা ওই গ্রামের বাসিন্দা বিপুল কুমার বাকচীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
তিনি বলেন, ঘটনার দিন রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে অজ্ঞাত পরিচয় কয়েকজন বাড়িতে ঢুকে ওই দুই ব্যক্তির ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বাড়ির মালিক বিপুল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি আজিজুর।
মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ২৮ মার্চ বোয়ালমারী থানার তৎকালীন এসআই সুলতান মাহমুদ
ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি আজিজুর বলেন, দেরিতে হলেও জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার পাওয়া গেছে।