একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে, অথচ সমাজে নরকের আগুন জ্বালাচ্ছে: রিজভী
“বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সকল মুনাফিকির বিরুদ্ধে” বলেন তিনি।
একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে, অথচ তারা সমাজে নরকের আগুন জ্বালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “কি করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করেন। অথচ তারা এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছেন; তার প্রমাণ এসব খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা।”
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে নির্বাচনি সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারের মাঝে রোববার বিকালে নতুন ঘর ও ছাগল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা, অসহায় ও দুঃখী মানুষের সেবা করা। তারা তো সে আদর্শ নিয়ে নেই, তারা আছেন রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা লুটার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারা বারবার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।”
বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সকল মুনাফিকির বিরুদ্ধে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
পরে ‘আমরা বিএনপি’ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নতুন ঘর ও ছাগল প্রদান করেন রিজভী।
অনুষ্ঠানে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বক্তব্য দেন।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার এমডি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু উপস্থিত ছিলেন।
