২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক

“আতঙ্ক তৈরির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মুন্সীগঞ্জে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক
ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 12:29 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

মুন্সীগঞ্জ শহরে কারফিউ চলার সময় আট থেকে দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শহরের খালইস্ট এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান।

ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু হয়। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা।

বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্থানীয় এক বাসিন্দা বলেন, খালইস্টের মেথরপট্টির কাছে রাত সোয়া ১১টার দিকে হঠাৎ ৮-১০টি ককটেল বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খালইস্ট এলাকার বাসিন্দারা বলছেন, কারফিউ জারির পর পুরো জেলাই শান্ত ছিল। শান্তিপ্রিয় এই জেলায় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো, তা খতিয়ে দেখা দরকার।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, “এলাকায় আতঙ্ক তৈরির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বা কেউ গ্রেপ্তার হয়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ চলছে।”