১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীন যাওয়ার পথে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল

ট্রাভেল পাসের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে ফেরত পাঠানো হয় বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 09:08 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে ভারত হয়ে চীনে যাওয়ার পথে সীমান্তে বিএসএফের হাতে আটকের পর চার বছর সাজা খেটে দেশে ফিরেছেন জামালপুরের সিরাজুল ইসলাম। 

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে দেশটির ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবির কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।

ফেরত আসা ৫৭ বছর বয়সি সিরাজুল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চানমরিহাট গ্রামের ফরমান আলির ছেলে। 

ওসি ফেরদৌস বলেন, ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারিতে সিরাজুলকে বুড়িমারি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে নিয়ে যান পাচারকারীরা।

দেশটিতে প্রবেশ করে বিহারে গিয়ে প্রায় ছয় মাস জেলের কাজ করেন সিরাজুল। জুলাইয়ে বিএসএফের হাতে আটক হন তিনি। পরে দেশটির আদালত তাকে চার বছরের সাজা দিয়ে বিহার কারাগারে পাঠায়।

তিনি বলেন, পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ট্রাভেল পাসের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফেরেন সিরাজুল। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ওসি ফেরদৌস।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, সিরাজুলকে যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।