Published : 22 Jun 2026, 05:28 PM
আগামী তিন মাসের মধ্যে দেশের ৫০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন এবং ‘ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এরই মধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত ভাগ্যবান, তারেক রহমানের মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমি জানি না, আমার এই বয়সে, বিশ্ব পরিমণ্ডলে তারেক রহমানের মত কোনো প্রধানমন্ত্রী পৃথিবীতে এসেছেন কিনা, আমি আর দেখছি না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী -৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়।