২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ‘ডাকাত সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আরেকজন হাসপাতালে

আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি জানান।

পটুয়াখালীতে ‘ডাকাত সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আরেকজন হাসপাতালে
বাউফল থানা

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘ডাকাত সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গণপিটুনির শিকার আরেক যুবক চিকিৎসাধীন। 

রোববার ভোর রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান। 

নিহত মো. উজ্জল মোল্লা (৩২) উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

আহত মো. রাজিব হোসেন (৩০) মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের বাসিন্দা। তাকে পুলিশ পাহারায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কাশিপুর এলাকায় খলিল হাওলাদার ও আজাহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কার লুট করে তারা।

এ সময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে যায়। তখন ডাকাতদল পালিয়ে যায়। কিন্তু জনতা দুজনকে ধরে গণপিটুনি দেয়। 

বাউফল থানার ওসি আকতারুজ্জামান বলেন, গণপিটুনিতে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিছু পরে উজ্জলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 

মামলার পর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।