ভোলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, যুবকের যাবজ্জীবন
এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।
ভোলার চরফ্যাশন উপজেলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।
মঙ্গলবার দুপুরে চরফ্যাশন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. হযরত আলী হিরণ।
দণ্ড পাওয়া মিন্টিজ ওরফে মো. শাজাহান (৩১) উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ছিদুর ছেলে। খালাস পাওয়ারা হলেন- একই এলাকার মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ এবং মো. শাহাবুদ্দিন।
এপিপি হিরণ বলেন, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার আলাউদ্দিন গাছি কালু মোটরসাইকেলে করে দুলারহাট বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন সকালে পুলিশ উপজেলার আলীগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নূরে আলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে পুলিশ মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ, শাহাবুদ্দিন এবং শাজাহানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান এপিপি হিরণ।
তিনি বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে আসামিরা পথরোধ করে কালুর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগপত্রে বলা হয়।
১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শাজাহানকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হিরণ।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ এইচ এম জাবেদ করিম।
