Published : 09 Oct 2025, 05:52 PM
যশোর সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান।
নিহত চঞ্চল হোসেন গাজী (৩২) ওই গ্রামের মধু গাজীর ছেলে।
আহতরা হচ্ছেন- চঞ্চলের বাবা মধু গাজী (৫০), মা হাসিনা বেগম (৪৫) ও ভাই তুহিন গাজী (২৬)।
অপর পক্ষের আহতরা হচ্ছেন, জামাল উদ্দিন গাজী (৩৫) রবিউল ইসলাম গাজী (৩৫), তার ছেলে মুন্না গাজী (১৮) ও বিল্লাল হোসেন গাজী (৩৯)।
পরিদর্শক হাসান বলেন, চঞ্চলের মালিকানাধীন একটি ইজিবাইক সম্প্রতি চুরি হয়। তিনি ও তার পরিবার এ জন্য রবিউল গাজী ও তার ছেলেকে দায়ী করেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ নিয়ে এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চঞ্চল ও তার বাবাকে ছুরিকাঘাতসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৩৫ মিনিটে চঞ্চলের মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থার পক্রিয়া চলছে।
এছাড়া চঞ্চলের মৃত্যুর পর রবিউল গাজী, মুন্না গাজী ও বিল্লাল গাজীকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে বলেও জানান তিনি।