ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের সংঘর্ষে নিহত ১, অস্ত্র-গুলি উদ্ধার
পুলিশ বলছে, নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার ভোররাত ৪টার দিকে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াসিন জানান।
নিহত ২৫ বছর বয়সী জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বর্তমানে গ্রামে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে। তাদের বিতাড়িত করে এলাকা দখলে নিতে ভোররাতে মোমেন গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় মোক্তার গ্রুপের লোকজন।
সংঘর্ষে অংশ নিতে পাশের নরসিংদীর রায়পুরা থেকে লোকজন ভাড়া করে আনেন মোক্তার। সংঘর্ষের এক পর্যায়ে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে মোক্তার হোসেন ও মোমেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি ইয়াসিন বলেন, “আধিপত্য বিস্তারের জন্য মোক্তার গ্রুপের লোকজন মোমেন গ্রুপের লোকজনদের গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল। এ কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।”
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
