২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইরাল ভিডিও: সেই ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার নেপথ্যে কী

কুমিল্লা নগরীর শাকতলায় বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভাইরাল ভিডিও: সেই ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার নেপথ্যে কী
এই ইজিবাইকটি চালাচ্ছিলেন আজাদ মিয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 10:48 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দিন-দুপুরে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার কারণ নিয়ে ভিন্ন ভাষ্য দিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে বলা হচ্ছে, মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগায় ক্ষুব্ধ হয়ে সেই চালককে মারধর করা হয়েছে; যাতে তার প্রাণ গেছে। 

কিন্তু পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, ইজিবাইক চালক একটি প্রতারক চক্রের সদস্য। টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দলের লোকজনের হাতেই তিনি নিহত হয়েছেন।     

শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমরা একজনকে শনাক্ত করেছি। তাকে ধরতে অভিযান চলছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। 

“তবে ফেইসবুকে বিষয়টি নিয়ে যেভাবে প্রচারণা চলছে, সেটি সঠিক নয়। পূর্ববিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।”  

পুলিশ জানায়, ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের। সিসিটিভির একটি ভিডিওতে দেখা গেছে, কুমিল্লা নগরীর শাকতলা এলাকার দুটি মোটরসাইকেল করে আসা চারজন লোক ইজিবাইক চালক আজাদ মিয়ার (৫৭) গতিরোধ করে। পরে তারা চালকের গলায় থাকা মাফলার ধরে টানাহেঁচড়া ও মারধর করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়েছে। অনেকে সেটি শেয়ার করেছেন। আবার কেউ কেউ চালকের ছবি দিয়ে কার্ড করেও ফেইসবুকে দিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। 

আজাদ কুমিল্লা শহরতলীর দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার লাইলী বাড়ির মৃত সাদেক মিয়া ছেলে। এ ঘটনায় শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞতানামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে আজাদের স্ত্রী রোকসানা বেগম মামলাটি করেছেন। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, আজাদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণ, মাদক, প্রতারণা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তিনি প্রতারক চক্রের সদস্য। নকল সোনার বার দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য তিনি। 

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “আজাদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো পর্যালোচনা করে দেখা গেছে তিনি নিজেও প্রতারক চক্রের সদস্য। তবে খুন যারাই করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।” 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার সময়কার সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে। এক আসামিকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।  

তবে পুলিশের অভিযোগের ব্যাপারে আজাদের পরিবারের কোনো বক্তব্য সংগ্রহ করা যায়নি।