২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২ যুবকের প্যান্টের পকেটে মিলল দেড় কোটি টাকার সোনা

পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা সোনার বারগুলো বহন করছিলেন বলে ভাষ্য পুলিশের।

যশোরে ২ যুবকের প্যান্টের পকেটে মিলল দেড় কোটি টাকার সোনা
যশোরে আটটি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 09:50 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে দুই দিনের ব্যবধানে আবারও সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এবার প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ দুই যুবককে আটকের কথা জানিয়েছে সীমান্তরক্ষা এই বাহিনী।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আটটি সোনা বারসহ তাদের আটক করা হয় বলে জানান যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ওয়াহিদুজ্জামান।

আটকরা হলেন- শার্শা উপজেলার ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) এবং একই এলাকার মহিনুর রহমান (৩১)।

এসআই ওয়াহিদুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির একটি দল উপজেলার নড়াইল সড়কে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করেন বিজিবি সদস্যরা।

এ সময় আবু সাঈদের প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় সাদা কাগজ দিয়ে মোড়ানো চারটি এবং মহিনুরের পকেট থেকে আরও চারটি সোনার বার উদ্ধার করা হয়। 

উদ্ধার করা সোনার ওজন ৯৭০ গ্রাম; যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা বলে জানান এসআই।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওয়াহিদুজ্জামান বলেন, “তারা নিজেদের সোনার বহনকারী হিসেবে দাবি করেছেন। পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা সোনার বারগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন।

“তবে কে তাদের সেগুলো দিয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।”

পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান এসআই ওয়াহিদুজ্জামান।

এর আগে রোববার যশোর-নড়াইল সড়কে বাঘারপাড়ার ধলগাঁ বাজার থেকে ১১টি সোনার বারসহ তিনজনকে আটক করেছিল বিজিবি।

প্যান্টের পকেট-মানিব্যাগে মিলল ২ কোটি টাকার সোনার বার, আটক ৩